স্পেনের জ্বালানি খাতের বৃহৎ প্রতিষ্ঠান রেপসল ভেনেজুয়েলায় হালকা অপরিশোধিত তেলের একটি ক্ষেত্র অনুসন্ধানে চুক্তি সই করেছে। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদের দেশ ভেনেজুয়েলার একটি প্রধান তেল উৎপাদন এলাকায় মঙ্গলবার এ চুক্তি সম্পন্ন হয়।
অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ দেশটির হাইড্রোকার্বন খাত বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ওয়াশিংটনের চাপের মুখে তিনি এ খাতে সংসদে সংস্কার আইন পাস করান।
কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রেপসলের সঙ্গে নতুন চুক্তির আওতায় দেশটির তেলসমৃদ্ধ উত্তর-পশ্চিমাঞ্চলে মারাকাইবো হ্রদের পূর্ব তীরে অবস্থিত একটি হালকা অপরিশোধিত তেলের ক্ষেত্র অনুসন্ধান করা হবে।
কোম্পানিটি গত এপ্রিলে ভেনেজুয়েলায় তাদের কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়ে সম্মত হয়েছিল।
রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ’র সভাপতি হেক্টর ওব্রেগন পেরেজ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে বলেন, ‘এবার গ্যাসের পাশাপাশি তেল খাতেও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি।’
রেপসলের প্রধান নির্বাহী কর্মকর্তা জোসু জন ইমাজ সান বলেন, ‘ভেনেজুয়েলায় বিনিয়োগে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রড্রিগেজ বলেন, কঠিন সময়েও রেপসল ভেনেজুয়েলার প্রতি তাদের অঙ্গীকার বজায় রেখেছে।
তিনি আরও বলেন, ‘রেপসলের জন্য ভেনেজুয়েলার দরজা খোলা রয়েছে। তারা এখানে তাদের বিনিয়োগ আরও সম্প্রসারণ করতে পারবে। নতুন পরিস্থিতিতে সেই বিনিয়োগের নিশ্চয়তাও দেওয়া হচ্ছে।’
Leave a Reply